ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

টেকনাফে অস্ত্র ও গোলাবারুদসহ ৩ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও বিভিন্ন সরঞ্জামসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়।


রবিবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।বিজিবি জানায়, লেদা বাজার হয়ে একটি অস্ত্রের চালান রোহিঙ্গা ক্যাম্পে থাকা একটি সশস্ত্র ডাকাত দলের কাছে পৌঁছে দেওয়ার তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। সকাল সাড়ে ১০টার দিকে লেদা বাজার এলাকায় সন্দেহজনকভাবে একটি ইজিবাইক চলাচল করতে দেখে বিজিবি সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। পরে মেটাল ডিটেক্টর দিয়ে ইজিবাইকে থাকা বস্তার ভেতরে ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত করা হয়।


পরে ইজিবাইকসহ তিনজনকে লেদা বিওপিতে নিয়ে তল্লাশি করা হয়। এ সময় আলুর বস্তার ভেতর লুকানো অবস্থায় দুটি জি-৩ রাইফেল, দুটি দেশীয় একনলা বন্দুক, ৪২টি গুলি, তিনটি টেজার, ছয়টি ওয়াকিটকি, একটি ম্যাগাজিন, চার কেজি বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।


আটক ব্যক্তিরা হলেন ১ নম্বর কুতুপালং এফডিএমএন ক্যাম্পের উসমান বেলাল ও আনসার আলী এবং ২৬ নম্বর মোচনি এফডিএমএন ক্যাম্পের মুসলিম।


বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের চোরাচালানসহ সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে। অবৈধ অস্ত্রের চালান প্রতিহত ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।

ads
ads
ads

Our Facebook Page

↑